সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী: প্রায় ২ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই ভণ্ড সাধু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের একারুখি এলাকায়। সাধুর বেশে এমন কাজ করবে ভাবতেই পারছেন না প্রতারিতরা। গয়না হারিয়ে এখন মাথায় হাত তাঁদের।
জানা যায় দু’জন সাধু এসে বাড়িতে যজ্ঞ করে। সাধুদের কথা মতো সেই যজ্ঞে সোনা দিতে হয়েছিল। যজ্ঞ শেষে চলে যাওয়ার পর তাঁরা দেখেন যে আসল সোনা নেই। সেই ঘটনার শোরগোল পড়েছে এলাকায়। থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নেয়নি বলে দাবি প্রতারিতদের।
প্রতারিত পরিবারটি জানাচ্ছে, বৃহস্পতিবার ২ জন সাধু বাড়িতে এসেছিল। দুপুরে তারা ভাত খেতে চায়। ভাত খাওয়ার পর শুরু হয় বুজরুকি ও ভয় দেখানোর কাজ। বাস্তুর দোষ আছে, এমন কথা বলে যজ্ঞের নিদান দেয় তারা। তার জন্য প্রয়োজনীয় জিনিসের তালিকাও তুলে দেয়। ‘যজ্ঞের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে রাখতে বলে চলে যায় দু’জন। শুক্রবার সকালে এসে যজ্ঞ শুরু করে। তখনই বাড়িতে থাকা সমস্ত সোনার গয়না ও অন্যান্য ধাতুর জিনিস এনে মাটির হাঁড়িতে রাখতে বলে।
প্রায় ঘন্টাখানেক ধরে চলে যজ্ঞ। তারপর যজ্ঞ শেষ করে তারা চলে যায়।
পরিবারের লোকজন পরে হাঁড়ি থেকে গয়না বের করতে গিয়ে দেখেন সেখানে সোনার গহনা নেই। হাঁড়ির মধ্যে রাখা একটি বিষধর সাপ। তখন তাঁরা বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। তড়িঘড়ি ওই সাধুর খোঁজ শুরু হয়। তবে অনেক খুঁজেও ওই দুই সাধুর কোনও সন্ধান পাওয়া যায়নি। এদিকে টাকা ও গয়না এভাবে খুইয়ে দিশেহারা পরিবারটি।
ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন প্রতারিত পরিবারের সদস্যরা। কিন্তু পুলিশ অভিযোগ গ্রহণ করতে চায়নি বলেই দাবি পরিবারের। সেক্ষেত্রে এখন কী করবেন, বা কার কাছে যাবেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। তাঁদের একটাই আবেদন, যত দ্রুত সম্ভব ওই দুই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।







