নিজস্ব সংবাদদাতা: রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের অনবদ্য ইনিংসে দলকে চাপের মুখ থেকে টেনে তুলেছিলেন সুদীপ কুমার ঘরামি। সেমিফাইনালের মঞ্চেও যেন সেই গল্পেরই পুনরাবৃত্তি। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে প্রথম দিনের শেষে তাঁর দায়িত্বশীল শতরানে ৫ উইকেটে ২৪৯ রান তুলেছে বাংলা।
গ্রুপ পর্বে দুরন্ত পারফরম্যান্স এবং কোয়ার্টারে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দাপুটে জয়ের পর সেমিফাইনালের আগে বাংলার ড্রেসিংরুমে আত্মবিশ্বাসের অভাব ছিল না। তবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে শুরুটা সহজ হয়নি। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন প্রতিপক্ষ অধিনায়ক পরশ ডোগরা। ইনিংসের গোড়াতেই শূন্য রানে ফেরেন সুদীপ চট্টোপাধ্যায়।
এরপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে সঙ্গে নিয়ে ইনিংস গড়তে শুরু করেন সুদীপ ঘরামি। দু’জনেই ধৈর্য ধরে খেলছিলেন। কিন্তু বিপক্ষ শিবিরে ছিলেন ‘কাশ্মীর এক্সপ্রেস’ আকিব নবি—গত দুই মরশুমে ৯০ উইকেট নেওয়া এই পেসার ম্যাচের মোড় ঘোরাতে ওস্তাদ। তাঁর দুরন্ত ডেলিভারিতে হাফসেঞ্চুরি থেকে এক রান দূরে বোল্ড হয়ে ফেরেন ঈশ্বরণ। বিনা স্কোরে আউট হন সুরজ সিন্ধু জয়সওয়াল। অনুষ্টুপ মজুমদারও ব্যর্থ (১৪)।
একসময় ৩ উইকেটে চাপে পড়ে যায় বাংলা। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই। সুদীপের সঙ্গে জুটি বাঁধেন শাহবাজ আহমেদ। দু’জনে মিলে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেন। ১৪৭ বলে শতরান পূর্ণ করেন সুদীপ—প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। চাপের মুখে তাঁর এই ইনিংস বাংলার লড়াইয়ে প্রাণ সঞ্চার করেছে।
দিনের শেষ ওভারে ৪২ রানে আউট হন শাহবাজ। তবুও প্রথম দিনের শেষে ২৪৯/৫ স্কোরলাইন বাংলাকে লড়াইয়ের ভিত গড়ে দিয়েছে। এখনও সুমন্ত গুপ্ত ও শাকির হাবিব গান্ধীর মতো ব্যাটাররা রয়েছেন। ফলে প্রথম ইনিংসে বড় রানের আশা দেখছেন সমর্থকরা।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের বোলিং আক্রমণে আকিব নবি বড় ভরসা। তবে বাংলার পেস আক্রমণও কম শক্তিশালী নয়—মহম্মদ শামি, আকাশ দীপ ও মুকেশ কুমারের মতো অভিজ্ঞ বোলাররা রয়েছেন দলে। তাই রনজির সেমিফাইনাল লড়াই যে দুই দলের সমান তালে এগোবে, তা বলাই যায়।
চাপের মুখে সুদীপের ব্যাট যেন আবারও বাংলার ‘রক্ষাকর্তা’। দ্বিতীয় দিনে তাঁর ইনিংস কতদূর গড়ায় এবং বাংলা কত বড় স্কোর দাঁড় করাতে পারে, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।







