বাড়ি থেকে পরিষেবা পেতে চাইলে তা বিনামূল্যে মিলবে না। ব্যাঙ্ক থেকে শুরু করে সব কাজে সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ড কাজে লাগে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সকলের জন্যই আধার কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
কিন্তু এখন প্রশ্ন বয়স্ক কিংবা শিশু, বা বিশেষভাবে সক্ষম মানুষের ক্ষেত্রে কেন্দ্রে গিয়ে পরিষেবা গ্রহণ করা অনেকসময় সম্ভব হয়ে উঠেনা। ফলে নতুন আধার কার্ড তৈরি বা আধার কার্ড সংশোধন করার কাজ করা সমস্যাজনক হয়ে পড়ে তাদের জন্য। সেইসব মানুষের সমস্যার কথা মেনে নিয়েছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার কর্তারা। এবার বাড়ি থেকেই আধার কার্ড সংক্রান্ত পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল ইউআইডিএআই।
তাঁরা জানিয়েছেন, আধার কার্ডের এনরোলমেন্টের পরিষেবা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই প্রবীণ নাগরিকরা এবং অক্ষম মানুষজন অনুরোধ জানাচ্ছিলেন। শিশুদের ক্ষেত্রে আধার কার্ডের এনরোলমেন্ট বাড়ি থেকে করা সম্ভব হলেও বয়স্কদের ক্ষেত্রে সেই পরিষেবা ছিল না। এ ব্যাপারে সরকারের সবুজ সংকেত না মিললে ইচ্ছে থাকলেও তাঁরা কিছু করে উঠতে পারছিলেন না। তবে শেষমেশ এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে বাড়ি থেকে এই পরিষেবা পেতে চাইলে তা বিনামূল্যে মিলবে না আবেদনপত্রের সঙ্গে সার্ভিস চার্জ বাবদ ৭০০ টাকা জমা করতে হবে। তারপরেই বাড়িতে বসেই আধার কার্ডের যাবতীয় কাজ করা সম্ভব।







