সিকিমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল পাহাড়। গরমের ছুটিতে যখন পর্যটকের ভিড়ে মুখরিত উত্তর সিকিম, ঠিক তখনই ভয়াবহ এক দুর্ঘটনার খবর মিলল। উত্তর সিকিমের চুংথাং-মুনসিথাং সড়কে খাদে পড়ে যায় পর্যটকবাহী একটি গাড়ি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ৯ জনের খোঁজে চলছে তল্লাশি। জানা গিয়েছে, গাড়িটি গুরুদোংমার থেকে গ্যাংটকের দিকে ফিরছিল। ফেরার পথে বৃষ্টিভেজা পিচ্ছিল পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি, যা গিয়ে পড়ে তিস্তা নদীতে। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। গাড়িটির নম্বর SK 0J 650।
মাঙ্গান জেলার পুলিশ সুপার সোনম দেচচু জানিয়েছেন, গাড়িটিতে মোট ১১ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ ৯ জনের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ও জেলা প্রশাসন। নিখোঁজ পর্যটকদের পরিচয় এখনও পুরোপুরি জানা না গেলেও সূত্রের খবর অনুযায়ী, তাঁদের মধ্যে অনেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বাসিন্দা। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, সিকিমে গত কয়েকদিন ধরেই বিরূপ আবহাওয়া বিরাজ করছে। অকাল বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়েছে। আবহাওয়ার কারণেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নির্ধারিত সিকিম সফর বাতিল হয়। ওইদিনই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। আবহবিদরা জানাচ্ছেন, বর্ষা এবার সিকিমে সময়ের আগেই প্রবেশ করেছে। ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ভূমিধসের আশঙ্কা থাকায়, প্রশাসনের তরফে চালকদের ও পর্যটকদের জন্য একাধিক সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারের প্রার্থনায় সিকিমজুড়ে চলছে উদ্বেগের আবহ।







