মুকেশ কুমার, আকাশ দীপ দের বেতন বাড়তে চলেছে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, ক্রিকেটারেরা যাতে বেশি করে টেস্ট ক্রিকেট খেলেন তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাড়তি বেতন তবে এখনই দেওয়া হবে না।
আইপিএলের পর থেকে যে টেস্ট সিরিজ হবে সেখানেম্যাচ ফি বাদ দিয়েও বাড়তি টাকা পাবেন ক্রিকেটারেরা । এখন প্রতি এক দিনের ম্যাচের জন্য ৬ লক্ষ ও টি-টোয়েন্টির জন্য ৩ লক্ষ টাকা,টেস্টের জন্য ১৫ লক্ষ ম্যাচ ফি হিসাবে দেওয়া হয়। আইপিএলের পর ১৫ লক্ষ টাকার পাশাপাশি বাড়তি টাকাও দেওয়া হবে। টেস্ট ফরম্যাটে বাংলার মুকেশের অভিষেক হয়েছে । আর এক পেসার আকাশও আন্তর্জাতিক কেরিয়ার টেস্ট দিয়েই শুরু করেছেন। তাঁদের কেরিয়ারের শুরুতেই বেতন বাড়তে চলেছে ।
বোর্ড কয়েক জন ক্রিকেটারের মনোভাবে খুশি নয় । ভারতের উইকেট রক্ষক ঈশান কিশন যেমন কথা শুনছেন না বোর্ডের। ঘরোয়া ক্রিকেট খেলছেন না। তার বদলে অন্য প্রতিযোগিতা খেলছেন। বোর্ড সচিব জয় শাহ অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে ঘরোয়া ক্রিকেট না খেললে জাতীয় দল তো দূর, আইপিএলে খেলাও মুশকিল হয়ে পড়বে। ঈশান তার পরেও কথা শুনছেন না । সেই পথেই পা বাড়িয়েছেন শ্রেয়স আয়ারও । বিসিসিআই এই প্রবণতা কমাতে চাইছে ।
সংবাদমাধ্যমে বোর্ডের এক আধিকারিক নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘যদি কোনও ক্রিকেটার বছরের সব ক’টা টেস্ট সিরিজ খেলে তা হলে তাকে বাড়তি টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় চুক্তি ও ম্যাচ ফি-র বাইরে সেই টাকা তারা পাবে। ক্রিকেটারেরা যাতে আরও বেশি লাল বলের ফরম্যাটে ঝোঁকে সেই কারণেই এই ব্যবস্থা।’







