রাজধানীর রাস্তা থেকে পথ কুকুরদের অপসারণ নিয়ে , ইতিমধ্যেই বহু বিতর্ক দেখা দিয়েছে । কিন্তু সেই সময়েই মহানগরীতে দেখা গেলো এক ভিন্ন চিত্র । কলকাতা পুরসভার তরফে , প্রাথমিকভাবে , ৪৮৭টি রাস্তাকে , পথকুকুরদের খাওয়ানোর জন্য চিহ্নিত করলো । তবে , এই সংখ্যাতেও যে , কলকাতার সিংহভাগ কুকুরের নিরাপদে খাবারের ব্যবস্থা করা যাবে না , তা জেনেই , স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুর স্বাস্থ্য বিভাগ ।
জানা গিয়েছে , এবিষয়ে স্থানীয় কাউন্সিলর ও পশুপ্রেমী বেলগাছিয়া প্রাণী বিশ্ববিদ্যালয়ের মতামত নিয়ে আরো রাস্তার সংখ্যা বাড়ানো হবে।
কলকাতা পুরসভার মুখ্যস্বাস্থ্য অধিকর্তা রনিতা সেনগুপ্ত জানিয়েছেন, “কলকাতার ১৪১টি ওয়ার্ডে পথকুকুরের সংখ্যা পাঁচ বছর আগে ছিল প্রায় ৭০ হাজার। এই তথ্য প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের।”
উল্লেখ্য , এই পথ কুকুরদের নিরাপত্তার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম করা হয়েছে । এই নিয়মগুলি যাতে আরও ভালো করে পালন করা হয় , সেক্ষেত্রে বরোভিত্তিক ভেটেরেনারি ডাক্তার, স্থানীয় কাউন্সিলর বা কাউন্সিলরের মনোনীত সদস্য ও পশুপ্রেমী সংগঠন গুলিকে নিয়ে আলোচনা করা হবে । এবং সেই আলোচনায় , আরো বেশকিছু বিষয় যুক্ত করা হবে । এর মধ্যে বলা হয়েছে , সকাল সাতটার আগে এবং রাত সাতটার পরই নির্দিষ্ট রাস্তায় মহানগরীর পথকুকুরদের খেতে দেওয়া হবে । পাশাপাশি এই রাস্তা সংশ্লিষ্ট পশু প্রেমী সংগঠন বা ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ।







