জেলাস্বাস্থ্য

নদিয়ার JNM হাসপাতালে অমানবিক ছবি: HIV পজিটিভ বৃদ্ধ ৫ দিন ধরে পড়ে বহির্বিভাগের সামনে, চিকিৎসা তো দূরের কথা, পাশে নেই নিজের সন্তানও

এ যেন বাস্তবের মাটিতে এক মর্মান্তিক মানবিক সংকট। কল্যাণীর জেএনএম হাসপাতালের বহির্বিভাগের সামনে বিগত পাঁচদিন ধরে পড়ে রয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধ। তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ HIV। অথচ চিকিৎসা তো দূরের কথা, পাশে দাঁড়ায়নি নিজের সন্তানও।

জানা গিয়েছে, রোগীর নাম নিশীথ মৃধা। বাড়ি নদিয়ার চাঁদুরিয়া, চাকদা এলাকায়। সম্প্রতি চিকিৎসার জন্য কল্যাণী এসেছিলেন নিশীথবাবু। কিন্তু HIV পজিটিভ রিপোর্ট আসতেই, অভিযোগ উঠেছে, ছেলে নীলেষ মৃধা তাঁকে হাসপাতালের বহির্বিভাগের সামনে ফেলে রেখে চুপচাপ চলে যান। এরপর বারবার ফোন করেও আর ছেলের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিশীথবাবু দিনভর পড়ে রয়েছেন রোদের মধ্যে। রাতে ঠান্ডা মেঝেতে। খাবার নেই, পানীয় জল পর্যন্ত মেলে না ঠিকমতো। তাঁর দিকে কেউ ফিরেও তাকায় না।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীকে অন্যত্র ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনও সাড়া না পাওয়ায় তাঁকে স্থানান্তরিত করা সম্ভব হচ্ছে না।

এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে—এই সমাজে এখনও কি HIV পজিটিভদের প্রতি এই ধরণের অমানবিক আচরণ চলতেই থাকবে? আর একজন বাবা, যিনি ছেলের জন্য সারা জীবন লড়েছেন, বার্ধক্যে তিনিই কি সবচেয়ে অচ্ছুৎ হয়ে পড়বেন?

স্থানীয় সমাজকর্মীদের একাংশ ইতিমধ্যেই রোগীর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনিক স্তর থেকেও দ্রুত হস্তক্ষেপের আর্জি উঠেছে।

এই অমানবিকতার ছবিই আজ সামাজিক অবক্ষয়ের নগ্ন প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.