স্ত্রী নির্ঘাত বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। সেই সন্দেহে স্ত্রী কে শ্বাসরোধ করে খুন করে দেহ লোপাটের চেষ্টা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা থানার অন্তর্গত পুটিমারি এলাকায়। অভিযুক্তের নাম মহাদেব বিশ্বাস।অভিযুক্ত মহাদেব বিশ্বাস বালি-পাথর বোঝাই ট্রাকের শ্রমিকের কাজ করে।
বছর ছয় আগে রিনা বিশ্বাসের সঙ্গে মহাদেব বিশ্বাসের বিয়ে হয়। তাদের দুটি ফুটফুটে সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই ঘনঘন ঝগড়া অশান্তি হতো তাদের মাঝে। ঘটনার দিন তাদের মধ্যে ঝামেলা চরমে পৌঁছায়। স্বামী মহাদেব বিশ্বাস তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। চা বাগানে দেহটিকে ফেলে দিয়ে আসে।
তাকে যাতে কেও সন্দেহ না করে তাই নিজেকে বাঁচাতে বাগডোগরা থানায় গিয়ে স্ত্রীর নিখোঁজ হবার কথা জানান। প্রতিবেশীদের কাছে রটিয়ে বেড়ায় তার স্ত্রী পরপুরুষের সাথে পালিয়ে গেছে। তবে রিনা বিশ্বাসের মা বাবা মানতে পারেনি তার মেয়ের নিখোঁজ হবার কথা।
পরবর্তীতে রীনার খুড়তুতো বোন প্রভাতী পুলিশের কাছে মহাদেবের বিরুদ্ধে রীনাকে হত্যা করার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে জিজ্ঞাসাবাদ করতে মহাদেব বিশ্বাসকে থানা ডেকে পাঠায়। পুলিশি জিজ্ঞাসাবাদে মহাদেব স্বীকার করে যে তার স্ত্রীকে শ্বাসরোধ করে মেরে তার দেহ চা বাগানে ফেলে রেখেছে।
পুলিশ ত্রিহানা চা বাগান এলাকার জঙ্গল থেকে একটি কঙ্কাল উদ্ধার করে। উদ্ধার হওয়া কঙ্কাল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।







