বিজেপির জাতীয় সংগঠনে বড়সড় রদবদল। সোমবার দলের জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন জাতীয় টিম ঘোষণা করেন। নতুন কমিটিতে অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি নতুন প্রজন্ম এবং আঞ্চলিক প্রতিনিধিত্বে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে বড় চমক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির প্রত্যাবর্তন। তাঁকে জাতীয় সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে পরাজয়ের পর দীর্ঘদিন কেন্দ্রীয় রাজনীতিতে সাংগঠনিক দায়িত্বের বাইরে ছিলেন স্মৃতি ইরানি। এবার তাঁকে ফের দলের কেন্দ্রীয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে এনে অভিজ্ঞতাকে কাজে লাগানোর বার্তা দিল বিজেপি।
নতুন জাতীয় সহ-সভাপতিদের তালিকাতেও নজর কেড়েছে মহিলা প্রতিনিধিত্ব। মোট ১৩ জন সহ-সভাপতির মধ্যে ছ’জন মহিলা। তাঁদের মধ্যে রয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, ডি পুরন্দেশ্বরী, রেখা বর্মা, বর্ষাবেন নরেন্দ্রভাই দোশি, ভারতী প্রবীণ পাওয়ার এবং পশ্চিমবঙ্গের মধুচ্ছন্দা কর।
বাংলার জন্যও এই রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ। মধুচ্ছন্দা করের জাতীয় সহ-সভাপতি হওয়া রাজ্যের বিজেপি সংগঠনকে কেন্দ্রীয় স্তরে আরও গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে ওড়িশা, কেরল এবং উত্তর-পূর্ব ভারতের নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএল সন্তোষ জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) পদে বহাল রয়েছেন। কমিউনিকেশন ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনাতেও পরিবর্তন এসেছে। অনিল বালুনি মিডিয়া কো-অর্ডিনেটর এবং দীপক মাস্কে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পেয়েছেন।
সব মিলিয়ে নীতিন নবীনের নতুন টিমে অভিজ্ঞতা, নতুন নেতৃত্ব, মহিলা প্রতিনিধিত্ব এবং আঞ্চলিক ভারসাম্যের সমন্বয় স্পষ্ট। আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতিতেও এই সাংগঠনিক পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।







