অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বড় ধাক্কা, ব্যক্তিগত কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। তার অনুপস্থিতিতে স্টিভেন স্মিথের নেতৃত্বে নতুন এক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, যেখানে একাধিক পরিবর্তন এনেছে নির্বাচকরা।
স্টার্কের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা, কারণ আগেই চোটের কারণে ছিটকে গেছেন প্যাট কামিন্স, জশ হেজলউড এবং মিচেল মার্শ। সেই সঙ্গে অবসর নিয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। ফলে বিশ্বকাপজয়ী বোলিং আক্রমণের পুরোপুরি ভাঙন ধরেছে।
নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেছেন, “মিচেলের সিদ্ধান্তকে আমরা সম্মান করি। তার দেশের প্রতি নিবেদন ও আত্মত্যাগ প্রশংসার যোগ্য। তবে এটি অন্য খেলোয়াড়দের জন্য বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ এনে দিচ্ছে।”
স্মিথের নেতৃত্বে নতুন স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন শন অ্যাবট, বেন দ্বারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংগা। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকছেন কুপার কনোলি।
দলে নতুন মুখের মধ্যে জনসন স্টার্কের ঘাটতি পূরণ করতে পারেন, যদিও তার অভিজ্ঞতা সীমিত। একইভাবে, ফ্রেজার-ম্যাকগার্ক গত বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করলেও ওয়ানডে অভিজ্ঞতা কম।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান।






