কলকাতা

লাল পাড় সাদা শাড়িতে বাঙালিয়ানা, কলকাতার পথে তসলিমা নাসরিন! ২০ বছর পর শহরে ফিরছেন সাহিত্যিক

প্রায় ২০ বছর পর ফের কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন বিতর্কিত হলেও বহুলপঠিত সাহিত্যিক তসলিমা নাসরিন। দীর্ঘ অপেক্ষার পর তাঁর এই সফর ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও আবেগ— দুটোই। আগামী ১ অগাস্ট রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ‘সেকুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তসলিমা। লাল পাড় সাদা শাড়ি, চোখে কালো সানগ্লাস— একেবারে বাঙালি সাজে ধরা দেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” মুহূর্তেই সেই পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বহু পাঠক ও অনুরাগী তাঁকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠান।

তসলিমার কলকাতা-ফেরার পথ অবশ্য সহজ ছিল না। ২০২৫ সালে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনার দাবিতে রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেছিলেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। সেই সময় কেন্দ্রীয় সরকার জানায়, ভারতে বা কলকাতায় তাঁর আসার ক্ষেত্রে কোনও প্রশাসনিক বাধা নেই। পরে শমীক ভট্টাচার্য মন্তব্য করেছিলেন, একজন বাংলা ভাষার লেখিকা হিসেবে তসলিমার নিজের পাঠকদের কাছে ফিরে আসার অধিকার রয়েছে।

বহু বছর ধরে নিরাপত্তাজনিত কারণে কলকাতায় আসতে না পারার কথা একাধিকবার জানিয়েছেন তসলিমা। এবার সফর নিশ্চিত হওয়ার পর তিনি জানান, শুধু আমন্ত্রণ নয়, পশ্চিমবঙ্গ সরকারের নিরাপত্তা নিশ্চিত করার কারণেই তাঁর পক্ষে কলকাতায় আসা সম্ভব হয়েছে। এজন্য তিনি রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

বামফ্রন্ট সরকারের সময় হোক বা পরবর্তী তৃণমূল সরকারের আমল— নানা কারণে কলকাতায় ফেরা হয়নি তাঁর। এবার রাজনৈতিক পালাবদলের পর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। ফলে সাহিত্যপ্রেমী থেকে সাধারণ পাঠক— সকলের মধ্যেই তসলিমা নাসরিনের এই প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। অনেকের কাছেই এটি শুধু একজন লেখিকার সফর নয়, বরং স্মৃতি, আবেগ এবং বাংলার সঙ্গে এক পুরনো সম্পর্কের নতুন করে ফিরে আসার গল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.