বহরমপুর: জলে ডুবে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বহরমপুরে ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর ও চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা। বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে ১০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলা মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এই ব্লক-স্তরের কর্মশালার আয়োজন করা হয়।
জলে ডুবে মৃত্যুর ঘটনা কমাতে প্রশাসনিক সমন্বয়, স্থানীয় স্তরে দ্রুত পদক্ষেপ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, সদস্য, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত কর্মী, আইসিডিএস সুপারভাইজার, জলসাথী, সিভিক পুলিশ, সিভিক ডিফেন্স কর্মী-সহ একাধিক সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় সিনি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার সায়নী অধিকারী, পার্থসারথি মণ্ডল, ইদ্রিস আলী ও তপন হাজরা। এছাড়াও দক্ষিণ দিনাজপুর থেকে আগত সিপিআর প্রশিক্ষক ইতি ঘোষ মণ্ডল ও তারা হালদার অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জলে ডুবে মৃত্যু প্রতিরোধ সংক্রান্ত নির্দেশিকা তুলে ধরা হয়। শিশুদের নিরাপদ তত্ত্বাবধান, জলাশয়ের কাছে সতর্কতা, দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধার পদ্ধতি এবং সঠিকভাবে সিপিআর দেওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বহরমপুর থানার সাব-ইন্সপেক্টর শাফিরুল শেখ বলেন, “জলে ডুবে মৃত্যু রুখতে সচেতনতার কোনও বিকল্প নেই। পরিবার, স্কুল, প্রশাসন ও সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”
বহরমপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুবীর মণ্ডল বলেন, “জনসাধারণের অংশগ্রহণ ছাড়া এই ধরনের সমস্যা মোকাবিলা সম্ভব নয়। সঠিক সময়ে সিপিআর প্রশিক্ষণ একটি জীবন বাঁচাতে পারে।”
ব্লক বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক গৌরব মণ্ডল জানান, শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও জলে ডুবে দুর্ঘটনার শিকার হন। তাই জলসাথী-সহ প্রত্যেককে আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা নিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় তিন লক্ষ মানুষ জলে ডুবে প্রাণ হারান। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে সিনি ধারাবাহিকভাবে সচেতনতা প্রচার, প্রশিক্ষণ ও সম্প্রদায়ভিত্তিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বহরমপুরের এই কর্মশালাও সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।







