আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার তা নিয়ে তোপ দাগলেন প্রবীণ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাংসদের উবাচ, ‘আমার গড় থেকে চলে এসেছেন। এবার গড়ে গড়ে ঘুরছেন। ওঁর নিজের গড় কোথায়? মুখ্যমন্ত্রীর কষ্ট আমরা বুঝি। আর কোনও নেতা নেই যাকে মানুষ বিশ্বাস করবে। ওঁর চেহারাটা এখনও একটু পরিষ্কার আছে। সেটা দেখিয়ে ভোট টানার চেষ্টা করছেন।’
অন্যদিকে আবার, গতকাল রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে উপস্থিত হয়ে অজিত পাঁজাকে শ্রদ্ধা জানান বিজেপি প্রার্থী তাপস রায়। রাজনৈতিকমহলের মত অনুসারে, এর থেকেই বাংলার সৌজন্যের রাজনীতির পরিচয় পাওয়া যায়। আবার অনেকের মত ভিন্ন। জবাবে দিলীপ বলেন, ‘আমি টিএমসি-র ডায়াসে গিয়ে ভাষণ দিতে পারি। কোনও ব্যাটার দম আছে অন্য পার্টির ডায়াসে গিয়ে ভাষণ দিতে পারবে! ডাকলে তো তাদের বদনাম হয়ে যাবে। দিলীপ ঘোষকে ডাকে কারণ দিলীপ ঘোষ সর্বজন গ্রাহ্য। যারা বলছে, তারা তো মেনি বিড়াল। কে পাত্তা দেয় ওদের? সব কটা চোর। আমি আজকেও বলছি কত কুকথা শুনবি আমার মুখ থেকে। সব চোর, চোরচোট্টা একদম। তোকে ডাকবে কী করে? বদনাম হয়ে যাবে। যার গায়ে ঘষে দিবি তার গায়ে মল লেগে যাবে।’
প্রবীণ সাংসদের সংযোজন, ‘দিলীপ ঘোষের দম আছে চৌরাস্তায় দাঁড়িয়ে বলে। যে কোনও লোকের বাড়ি যেতে পারে, যে কোন লোকের সঙ্গে গল্প করতে পারে। সব নেতারা দিলীপ ঘোষকে বিশ্বাস করে, তাই আমাকে ডাকে।’







