বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির মধ্যে একাধিক দফায় সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। দুই পক্ষের রাজনৈতিক সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্যেও। অশান্তির মাঝেই শিল্পাচার্য নন্দলাল বসুর নকশায় তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এমব্লেমে পদাঘাতের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা।
ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষ যাদবপুরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি দিয়েছিলেন। একইসঙ্গে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অর্জুন সিংও। তবে সেই অবস্থান থেকে কিছুটা ভিন্ন সুর শোনা গেল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলায়।
যাদবপুরের ঐতিহ্য এবং বিশ্ববিদ্যালয়ের এমব্লেমের উপর হামলার তীব্র নিন্দা করে অগ্নিমিত্রা জানান, স্বাধীনতার সময় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ পরিচিতি এবং ঐতিহ্য রয়েছে, তা কোনওভাবেই নষ্ট করা সমর্থনযোগ্য নয়। তাঁর বক্তব্য, এমব্লেম ভাঙচুর হোক বা বাইরের লোকজন বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকুক—কে কোন দলের সঙ্গে যুক্ত, তা না দেখে এই ধরনের ঘটনা সমর্থন করা হবে না। এমনকী নিজের দলের কেউ জড়িত থাকলেও তাঁরাও তা মেনে নেবেন না। পাশাপাশি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক সংঘাতের বাইরে রাখার আবেদন জানান তিনি।
শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গ টেনে অতীতের ‘অনিলায়ন’, ‘পার্থায়ন’ কিংবা ‘মমতায়ন’-এর অভিযোগের কথাও উল্লেখ করেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, বর্তমান সরকারের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বোর্ডে এমন ব্যক্তিদের রাখা হচ্ছে, যাঁদের সঙ্গে সক্রিয় রাজনীতির কোনও সম্পর্ক নেই। সব বিষয়ে রাজনীতির রং লাগানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এমব্লেমের অবমাননায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। তাঁর কথায়, সবচেয়ে বেশি খারাপ লেগেছে এমব্লেমটিকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ভেঙে যাওয়া অংশ হয়তো মেরামত করা সম্ভব, কিন্তু যে পদ্ধতিতে ঐতিহাসিক প্রতীকটির প্রতি অসম্মান দেখানো হয়েছে, সেটিই সবচেয়ে বেশি দুঃখজনক।
অন্যদিকে, ঘটনার পর এফআইআর দায়ের করতে দেরি হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তাঁর বক্তব্য, কেন অভিযোগ দায়ের করতে এতটা সময় লাগল, তার ব্যাখ্যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দিতে পারবে। তবে তাঁর কাছে যে তথ্য এসেছে, তাতে কয়েকজন দুষ্কৃতী ইচ্ছাকৃতভাবে এমব্লেমটি ক্ষতিগ্রস্ত করে সেই দায় অন্যদের উপর চাপানোর চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।







