জেলা

তমলুকে নবম শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণের অভাবে বেকসুর খালাস অভিযুক্ত, হতাশ পরিবার

তমলুক: সাত বছর ধরে ন্যায়বিচারের আশায় কোর্টের দরজায় ঘুরেও শেষমেশ হতাশ হল পূর্ব মেদিনীপুরের চিয়াড়া গ্রামের এক পরিবার। নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে যে মামলা রুজু হয়েছিল ২০১৮ সালে, সেই মামলার মূল অভিযুক্ত শেখ হামিদুলকে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতের পক্সো আদালত প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দেয়।

২০১৮ সালের ৩০ মে নিখোঁজ হয় চিয়াড়ার বাসিন্দা ওই কিশোরী। বাড়ির অদূরে আমবাগানে গিয়েও আর ফিরে আসেনি সে। ২ জুন একটি খড়ির বাগান থেকে উদ্ধার হয় তার পচাগলা দেহ। তদন্তে উঠে আসে ধর্ষণের পর খুনের আশঙ্কা। গ্রেফতার করা হয় গ্রামেরই বাসিন্দা শেখ হামিদুলকে। পুলিশ চার্জশিট, ফরেন্সিক রিপোর্ট-সহ একাধিক প্রমাণ আদালতে জমা দেয়। দীর্ঘ সাত বছর ধরে চলা শুনানির পরে আজ সেই মামলায় রায় ঘোষণা করেন বিচারক সুস্মিতা রায়।

রায়ে জানানো হয়, মামলায় উপযুক্ত প্রমাণ ও তদন্তে ঘাটতির কারণে অভিযুক্তকে খালাস করা হচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুতপা সামন্ত বলেন, “পুলিশের তরফে তদন্তে গাফিলতি ছিল। অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ জমা পড়েনি। ফলে আদালত অভিযুক্তকে বেকসুর খালাস করেন।”

ঘটনায় ভেঙে পড়েছেন মৃত ছাত্রীর মা ও বাবা। তাঁদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের উদাসীনতার জন্যই তাঁদের মেয়ের হত্যাকারী ছাড়া পেয়ে গেল। কান্নাজড়িত গলায় তাঁরা জানান, “আমরা হাল ছাড়ছি না। প্রয়োজনে হাইকোর্টে যাব। মেয়ের খুনের বিচার পেতে যতদূর যেতে হয়, আমরা যাব।”

ঘটনাটি আবারও রাজ্যে অপরাধ তদন্তের মান এবং বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতার প্রশ্ন তুলে দিল বলেই মত স্থানীয়দের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.