ওটিটি প্ল্যাটফর্মে এবার একেবারে নতুন অবতারে ধরা দিতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। গান নয়, এবার তাঁকে দেখা যাবে সঞ্চালকের আসনে। জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ নিয়ে আসছে তাদের প্রথম নন-ফিকশন অরিজিনাল সিরিজ ‘কর্ম ক্লিনিক’, যেখানে মানুষের বাস্তব জীবন, আধ্যাত্মিক ভাবনা এবং আত্ম-অনুসন্ধানের নানা দিক উঠে আসবে।
১০ পর্বের এই বিশেষ সিরিজের সম্প্রচার শুরু হবে আগামী ১৫ আগস্ট। এরপর ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি শনিবার দুটি করে নতুন পর্ব মুক্তি পাবে। অনুষ্ঠানটির মূল আকর্ষণ হল, এখানে কোনও কাল্পনিক গল্প নয়, বরং বাস্তব জীবনের মানুষের অভিজ্ঞতা এবং তাঁদের জীবনের কঠিন সময়কে কেন্দ্র করেই এগোবে প্রতিটি পর্ব।
ইমনের সঙ্গে থাকবেন চারজন বিশেষজ্ঞ—অসীম দাস, সুপর্ণা পাল যাদব, মঞ্জরী আগরওয়াল এবং বাসব বন্দ্যোপাধ্যায়। জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র ও পাস্ট-লাইফ রিগ্রেশনের মতো বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তাঁরা অংশগ্রহণকারীদের জীবনের নানা প্রশ্ন ও অভিজ্ঞতা বিশ্লেষণ করবেন। তবে নির্মাতাদের দাবি, এই অনুষ্ঠান কোনও অলৌকিক সমাধান বা নিশ্চিত ভবিষ্যদ্বাণীর প্রতিশ্রুতি দেয় না। বরং জীবনের জটিলতা ও অমীমাংসিত প্রশ্নকে নতুনভাবে ভাবার একটি পরিসর তৈরি করাই এর উদ্দেশ্য।
প্রতিটি পর্বে এমন মানুষের গল্প তুলে ধরা হবে, যাঁরা জীবনে বারবার প্রতিকূলতা, বিশ্বাসভঙ্গ, অসুস্থতা কিংবা ব্যক্তিগত সংকটের মুখোমুখি হয়েছেন। নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁরা খুঁজবেন নতুন দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসের পথ।
এছাড়া সিরিজের পঞ্চম ও দশম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকর্মী ও কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁরাও নিজেদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরবেন এবং আলোচনায় অংশ নেবেন।
গানের মঞ্চের বাইরে ইমন চক্রবর্তীর এই নতুন সফর দর্শকদের কতটা আকৃষ্ট করে, তা জানার অপেক্ষা আর মাত্র কয়েকদিন।







