পশ্চিম বর্ধমানের কাঁকসায় প্রাথমিক বিদ্যালয়ের পোশাক পাচারের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়াল। টোটো বোঝাই করে বস্তাবন্দি স্কুল ইউনিফর্ম অন্যত্র নিয়ে যাওয়ার সময় তা আটক করেন বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে কাঁকসা বিডিও অফিস সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা বিডিও অফিসের কাছে অবস্থিত বরুণ ড্রামা অ্যাথলেটিক ক্লাব থেকে একাধিক বস্তায় ভরা প্রাথমিক বিদ্যালয়ের পোশাক টোটোয় তোলা হচ্ছিল। সেই সময় বিজেপি কর্মীরা বিষয়টি লক্ষ্য করেন। তাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী এই পোশাকগুলি বিডিও অফিস সংলগ্ন এসএইচজি (Self Help Group) বিল্ডিংয়ে সংরক্ষিত থাকার কথা। সেখানে না রেখে ক্লাবের ভিতরে কেন রাখা হয়েছিল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীদের অভিযোগ, টোটো চালক ও সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা পোশাক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার স্পষ্ট উত্তর দিতে পারেননি। এরপরই সন্দেহ আরও ঘনীভূত হয়। বিজেপি কর্মীরা টোটোটি আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিষয়টি কাঁকসার বিডিওকে ফোন করে জানান।
বিজেপির দাবি, পরিকল্পিতভাবে এই স্কুল পোশাক পাচারের চেষ্টা করা হচ্ছিল এবং এর সঙ্গে তৃণমূলের কিছু কর্মী জড়িত থাকতে পারেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেবদাস বক্সী বলেন, “যে ক্লাবের নাম উঠে এসেছে, সেটি সিপিআইএম পরিচালিত। সিপিআইএম কেন তৃণমূলকে সাহায্য করবে? সেখানে কেন পোশাক রাখা হয়েছিল, সেটা ক্লাব কর্তৃপক্ষই বলতে পারবে। যদি কোনও দুর্নীতি হয়ে থাকে, প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।”
ঘটনার তদন্তে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর স্থানীয়দের।







