জেলা

অপারেশন টেবিলে অচৈতন্য রোগী, করতে পারবেন না অপারেশন দাবি চিকিৎসকের, বিপাকে রোগীর পরিবার।

ঠিক কোনো চলচ্চিত্রের দৃশ্য, অপারেশন করতে করতে থিয়েটার ছেড়ে বেরিয়ে এলেন চিকিৎসক। বললেন এই অপারেশন তিনি করতে পারবেন না। তখনও অচৈতন্য অবস্থায় রয়েছেন সেই রোগী, হয়ে গেছে অনেকটা কাটাছেঁড়া। হতভম্ব রোগীর বাড়ির পরিবার পরিজন।

এইরকম ঘটনাই ঘটলো জলপাইগুড়ির মাল সুপার স্পেশালিটি হসপিটালে। সূত্রের তথ্য অনুযায়ী মাদারীহাট ব্লকের গোপালপুর চা বাগানের মাষ্টার লাইনের বাসিন্দা অজয় ওঁরাওয়ের স্ত্রী গল স্টোন-এর সমস্যা নিয়ে মাল হাসপাতালে ডা: ওয়াসিম আহমেদের কাছে যান। স্বাভাবিক ভাবেই যে কোনো অপারেশন করার আগে বিভিন্ন টেষ্ট বা শারীরিক পরীক্ষা করা হয়ে থাকে। তাঁর ও বিভিন্ন টেষ্ট করা হয় এবং প্রাথমিকভাবে রিপোর্টে কোনো অসুবিধা না আসায় ওই চিকিৎসক অপারেশনের সিদ্ধান্ত নেন।

সেই অনুযায়ী ২ অক্টোবর বেলা ১১টায় শুরু হয় তাঁর অপারেশন। ঠিক বেলা দেড়টা নাগাদ হঠাৎই চিকিৎসক অপারেশন থিয়েটার বাইরে বেরিয়ে আসেন এবং বলেন তাঁর দ্বারা এই অপারেশন সম্ভব নয় ,তিনি করতেও পারবেন না। ওই অবস্থাতেই তিনি রোগীর পরিবারকে রোগীকে বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখনও রোগী অচৈতন্য অবস্থায় অপারেশন থিয়েটারে ছিলেন। কাটাছেঁড়া করা হয়েছে অনেকটা। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েন রোগীর পরিবার। স্থগিত রাখা হয় অপারেশন।

তরাই ডুয়ার্স মহিলা ওয়েলফেয়ার-এর পক্ষ থেকে বিনীতা তেতে জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন রোগীর পরিবার। তাঁর কথায়, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনার সম্পূর্ণ দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে।

এবিষয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডা: সুধীর কুমার জানান, ‘হাসপাতালে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। গল স্টোন অপারেশন চলাকালীন ওই মহিলার কিছু অভ্যন্তরীণ সমস্যা ধরা পড়ে। যেটা তাঁর টেষ্ট-এ ধরা পড়েনি। সেকারণেই রোগীর পরিবারের সঙ্গে কথা বলেই অপারেশন স্থগিত করা হয়। তিনি এখন হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.