নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য , প্রতিদিন লোকাল ট্রেনের সুবিধা নেন বহু মহিলা । এবার লোকাল ট্রেনেই হেনস্থার শিকার এক মহিলা যাত্রী ! এমনকি মহিলা যাত্রীর সঙ্গীকেও মারধরের অভিযোগ উঠলো । অভিযোগ ওঠে , প্রথমে ট্রেনের ভিতর হুমকি দেওয়া ও হেনস্থা করা হয় ওই তরুণীকে । পরে ওই তরুণীর সঙ্গীকে শিয়ালদহ স্টেশনে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ । অভিযোগের ভিত্তিতে , ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।
অভিযোগ চলন্ত ট্রেনে , তরুণীকে হেনস্থা করা হয় । তরুণীর ছবি তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ । এমনকি ওই তরুণীর ছবি , সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় । ঘটনার প্রতিবাদ করেন তরুণীর সঙ্গী । তারপর তাকে প্ল্যাটফর্মে ফেলে মারধর করা হয় বলে জানা গেছে ।
শিয়ালদহ জিআরপি তরফে জানা গেছে , শিয়ালদহ সাউথ সেকশনের ঘটনা , রবিবার রাত পৌনে ১০ টা নাগাদ ঘটনা টি । জানা গেছে জি আর পি আউটপোস্টে বসেও নাকি পুলিশের সামনে নির্যাতিতা এবং তার সঙ্গীকে হুমকি দেন অভিযুক্তরা ।নির্যাতিতা তরুণীর অভিযোগ , “আমি আমার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়েছিলাম। ওরা ছবি তোলার চেষ্টা করে, বলে সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেব। আমি কে জানিস না।”
জানা গেছে অভিযুক্তরা তরুণীকে হেনস্থা করার পর , ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢুকতে , তরুণী অভিযুক্তদের মধ্যে একজনকে চড় মারেন। তারপরেই তরুণীর সঙ্গীর ওপর চড়াও হন অভিযুক্তরা । ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে ।







