জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সেতুর কেবল, বিয়ারিং ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামোগত অংশে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময়ে সেতু এবং সংযুক্ত সমস্ত র্যাম্পে যান চলাচল নিষিদ্ধ থাকবে।
যানজট এড়াতে বিকল্প রুটের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ। এ জে সি বোস রোড, খিদিরপুর এবং সংলগ্ন এলাকা থেকে সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড় ও অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে ঘুরিয়ে হাওড়া ব্রিজমুখী করা হবে। স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, রেড রোড এবং ১১ ফারলং গেট হয়ে বিকল্প পথে যান চলাচল পরিচালিত হবে।
পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি অনুযায়ী শহরের আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হতে পারে। দীর্ঘ সময় সেতু বন্ধ থাকায় যাত্রী ও গাড়িচালকদের আগে থেকেই যাত্রাপথ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের আবেদন জানিয়েছে প্রশাসন।







