পশ্চিমবঙ্গ সরকারের নাম অনেক কেলেঙ্কারির সাথে জড়িত থাকলেও বর্তমানে পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় গোলমাল ফাঁস করলো নির্বাচন কমিশন। একই আইডেন্টিফিকেশন নম্বরে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র থেকে তৈরি ২৫ হাজারেরও বেশি ভুয়ো ভোটার কার্ড।
বাগদা, মাঝিয়ালী, রাজরহাট-গোপালপুর, ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব ও পশ্চিম, কুসিয়ং, শিলিগুড়ি এবং ফালাকাটার মতো কেন্দ্রগুলিতে একই আইডেন্টিফিকেশন নম্বরের একাধিক ভোটার কার্ডের অস্তিত্বের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে, সীমান্তবর্তী দুটি কেন্দ্র বাগদা দক্ষিণ এবং মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় এই ভুয়ো কার্ডের সংখ্যা অত্যধিক বলে জানা গেছে।
বর্তমানে এই ভুয়ো কার্ড সনাক্ত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে নির্বাচন কমিশন। ভুয়ো কার্ডগুলিতে নামের সামান্য বানান পরিবর্তন বা প্রায় মিল থাকা ছবিগুলির মাধ্যমে শনাক্ত করা হচ্ছে ডুপ্লিকেট কার্ডগুলি। তবে সবচেয়ে বড় আশ্চর্য্যজনক বিষয় একাধিক ভুয়ো কার্ডে ক্লোন আইডেন্টিফিকেশন নম্বর পাওয়া।
কমিশনের মতে এই ডুপ্লিকেট কার্ডগুলি মানবীয় ভুলের কারণে অথবা কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে। যেখানে বিদেশিদের ভারতীয় নাগরিক হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক আধিকারিক এই বিষয়ে জানান, “আইডেন্টিফিকেশন নম্বর স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় এবং এটি একক হওয়ার কথা। একই নম্বর একাধিক কার্ডে পাওয়া যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।”
১১ নভেম্বর খসড়া ভোটার যে তালিকায় ৭.৪ কোটি ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিলো তার মধ্যে ১৬ লক্ষ নাম সংশোধন বা বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে, প্রাক-সংশোধনী পর্যায়ে ৬.২ লক্ষ নতুন নাম যোগ করা হয়েছে এবং ৪.৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। ভুয়ো কার্ডগুলিকে যাচাই করে চূড়ান্ত ভোটার তালিকা ৫ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত হবে জানিয়েছে কমিশন।







