হাওড়ার ডোমজুড় থেকে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার নামে প্রেমিকের সাথে বেরিয়েছিল মেয়ে। বাড়ি ফিরেছিলো মেয়ের নিথর দেহ। প্রাথমিকভাবে প্রেমিক ও তার বাবাকে সন্দেহ করা হলেও ঘটনার তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় নাম জড়াল বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় নামের এক চিকিৎসকের।
বিগত ১৫ নভেম্বর প্রেমিকের সঙ্গে দক্ষিনেশ্বরে পুজো দেবে বলে প্রেমিকের সাথে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা কিশোরী। তারপর সন্ধান চালিয়েও পাওয়া যায়নি মেয়ের খবর। পরের দিন মেয়ের প্রেমিক ফোন করে মেয়ের পরিবারকে জানায় মেয়ের অসুস্থতার কথা। খবর শুনে ১৬ নভেম্বর রাতেই তড়িঘড়ি কিশোরীর পরিবারের লোকজন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে গিয়ে দেখেন কিশোরীর মৃত্যু হয়েছে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন।
কিশোরীর পরিবারের অভিযোগ মেয়েকে ফুঁসলিয়ে ডোমজুড় থেকে বাঁকুড়ার ছাতনা থানার ধগড়া গ্রামে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে খুন করে প্রেমিক ও তার বাবা। তাদের অভিযোগের ভিত্তিতে রাহুল বাউরি ও প্রেমিকের বাবা ধীরেন্দ্রনাথ বাউরিকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
কিশোরীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও হাতে আসে পুলিশের। তার সঙ্গে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য মিলিয়ে কিশোরীর মৃত্যুর আসল রহস্যের পর্দা ফাঁস করে পুলিশ। মৃত কিশোরী অন্তঃস্বত্বা হয়ে পড়ায় গোপনে গর্ভপাত করানোর উদ্দেশ্যেই তাকে তার প্রেমিক ডোমজুড় থেকে বাঁকুড়ার ধগড়া গ্রামে নিয়ে আসে তার প্রেমিক। এরপর রাহুল স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের সাহায্যে প্রেমিকার গর্ভপাত করায়। আর তাতেই ঘটে বিপত্তি, অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় কিশোরীর।
কিশোরীকে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় সেই কিশোরীর। ইতিমধ্যেই বেআইনি ভাবে গর্ভপাত করানোর অভিযোগে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় নামের হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি কিশোরীর চিকিৎসা সংক্রান্ত নথি উদ্ধার করেছে পুলিশ। ধৃত হাতুড়ে চিকিৎসককে বুধবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় ছাতনা থানার পুলিশ।







