নাটকীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস দুই উইকেটে হারালো মুম্বাই ইন্ডিয়ান্সকে। শেষ ওভারের উত্তেজনায় নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স ১৯.১ ওভারে ১৬৪ রানে অলআউট হয়। ন্যাটালি স্কিভার-ব্রান্ট (৮০ রান, ৫৯ বল) ও হারমানপ্রীত কৌর (৪২ রান, ২২ বল) দলকে ভালো অবস্থানে নিয়ে গেলেও বাকিরা বড় স্কোর গড়তে ব্যর্থ হন। দিল্লির হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড (৩/৩৪) ও শিখা পান্ডে (২/১৪) দুর্দান্ত বোলিং করেন।
১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুটা দুর্দান্ত করে। শেফালি ভার্মার (৪৩ রান, ১৮ বল) ঝড়ো ইনিংস দলকে এগিয়ে দেয়। নিকি প্রসাদের ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস দিল্লিকে ম্যাচে রাখে। তবে শেষ ওভারে ম্যাচ জমে ওঠে। ৪ বলে ৪ রান দরকার থাকলেও নিকি প্রসাদ আউট হয়ে গেলে চাপে পড়ে দিল্লি। শেষ পর্যন্ত অরুন্ধতী রেড্ডি ক্রিজে টিকে থেকে দলকে জয় এনে দেন।
মুম্বাইয়ের হয়ে আমেলিয়া কের (২/২১) ও হেইলি ম্যাথিউস (২/৩২) ভালো বল করলেও ফিল্ডিংয়ে একাধিক ভুল তাদের ভুগিয়েছে।
এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অর্জন করলো।







