আইএফএ শিল্ডের ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। মঙ্গলবার নামধারীর বিরুদ্ধে ড্র করলেই জায়গা নিশ্চিত, কিন্তু লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর চোখে এখন শুধু একটাই লক্ষ্য— জয়। চারদিক ডার্বির সম্ভাবনা নিয়ে উত্তপ্ত হলেও, কোচ তা নিয়ে ভাবতে নারাজ। তাঁর ভাষায়, “ডার্বি থাক বা না থাক, আগে নামধারীকে হারাতেই হবে।”
অস্কারের সতর্কতার কারণও যথেষ্ট। নামধারী এ মরসুমে ইতিমধ্যেই প্রমাণ করেছে তাদের প্রতিরোধ ক্ষমতা। ডুরান্ড কাপে মোহনবাগানের মতো দলকেও চাপে ফেলেছিল তারা। তাই কোচ জানেন, অসতর্ক মুহূর্ত মানেই বিপদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ওদের ডিফেন্স খুব শক্তিশালী, তাই আমাদের উইং প্লে এবং বল পজিশন ধরে রাখতে হবে। কাউন্টার অ্যাটাকে সুযোগ দিলে ভুগতে হবে।” ফলে কিশোর ভারতীতে মঙ্গলবার বিকেল ২:৩০-এ নামার আগে পুরো মনোযোগ প্রতিপক্ষেই রাখছেন লাল-হলুদের কোচ।
তবে সব আলো এখন নতুন বিদেশি হিরোশি ইবুসুকিকে ঘিরে। জাপানি স্ট্রাইকারের আইটিসি (ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট) সোমবার পর্যন্ত আসেনি। ফলে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা। অস্কার আশাবাদী, “আজকের মধ্যে আইটিসি এসে গেলে হিরোশি খেলবে। না এলে বিকল্প ভাবতেই হবে।” এছাড়া লাকড়া ও রামসাঙ্গা খেলতে পারবেন না, জানিয়ে দিয়েছেন তিনি।
গত ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে আছে ইস্টবেঙ্গল। তবে ব্রুজোর বার্তা স্পষ্ট— আত্মতুষ্টি নয়, মনোযোগ নামধারীতে। কারণ শিল্ড ফাইনাল বা সম্ভাব্য ডার্বির স্বপ্ন দেখতে হলে, আগে এই লড়াই জেতাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।







