উৎসবের মরশুমে বিষাদের আবহ। মধ্যপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হল মালদার তিন পরিযায়ী শ্রমিকের। মালদার ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি মৃত তিন পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় আজমির মোমিন, সিন্টু মোমিন এবং মোবারক নাদাবের। এরাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল তারা।
ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন আজমির মোমিন। গত ১৬ দিন আগে মধ্যপ্রদেশের সিধি জেলায় বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে পাড়ি দিয়েছিলেন তিনি। সম্প্রীতি বাড়ি তৈরি করার জন্য দু লক্ষ টাকা লোন নিয়েছিলেন তিনি। সেই টাকা পরিশোধ এবং দুই ছেলের পড়াশোনার খরচ ও সংসারের খরচ জোগাড় করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল তিনি। তার স্ত্রী মিনা বিবি নয় মাসের গর্ভবতী। ভেবেছিলেন ভিন রাজ্য থেকে কাজ করে এসেই ছেলের মুখ দেখবেন। কিন্তু আর দেখা হলো না টাওয়ার তৈরি করার সময় মৃত্যু হল তার। এই ঘটনায় আজমিরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।






