আসন্ন ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তার পূর্বে আজ মুম্বইয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিসিসিআই কর্তারা। বোর্ডের সভাপতি, সচিব-সহ একাধিক পদে কারা বসতে পারেন তার আভাস আগে থেকে পাওয়া যেতে পারে, এমনটাই জানা গিয়েছিল। বিসিসিআই-এর সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী স্থানে বসতে চলেছেন প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার রজার বিনি, পাশাপাশি সচিব পদে বহাল থাকছেন জয় শাহ, এমনটাই সূত্রের খবর।
উল্লেখ্য, ১১ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের তারিখ। মনোনয়ন পরিবর্তনের তারিখ ১৩ অক্টোবর অবধি এবং মনোনয়ন প্রত্যাহারের জন্য ১৪ অক্টোবর পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। বোর্ডের তরফে সোমবার রাতের মধ্যে সমস্ত সদস্য রাজ্য অ্যাসোসিয়েশনকে মুম্বই পৌঁছতে বলা হয়েছে। যুগ্ম সচিবের দায়িত্ব পেতে চলেছেন দেবজিৎ সাইকিয়া। কোষাধ্যক্ষ হতে চলেছেন আশিস সেলার। খবর এটুকুই।
রাজীব শুক্লার উবাচ, ‘আমি সহ-সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছি,রজার বিনি সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন,জয় শাহ সচিবের পদে এবং আশিস শেলার কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি এমন যে, সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।’ ২০১৯ সালে বিসিসিআই-এর মসনদে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সিংহাসনচ্যুত হওয়ার পথে ‘মহারাজ’। নেপথ্যে কি ক্রিকেটীয় সমস্যা না বহিরাগত ইস্যু? তরজা তুঙ্গে।







