ক্রাইম

গভীর রাতে মাটি খুঁড়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে খুন! ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে আঘাতের অভিযোগ নদিয়ায়

নদিয়ার ফুলিয়ার প্রফুল্লনগর-নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে আঘাত করে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে। মৃতার নাম মিতালি বিশ্বাস (৪০)। অভিযোগ, রবিবার গভীর রাতে মাটি খুঁড়ে বাড়ির ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর ঘুমন্ত অবস্থায় মিতালির উপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই হামলা, কারাই বা ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সময় পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন। একটি ঘরে একাই শুয়েছিলেন মিতালি। পাশের ঘরে ছিলেন তাঁর ছেলে ও পুত্রবধূ। পরিবারের দাবি, গভীর রাতে আচমকা মায়ের ঘর থেকে শব্দ শুনতে পান মিতালির ছেলে। ঘর থেকে বেরোনোর চেষ্টা করতেই তিনি বুঝতে পারেন, বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বেরোতে না পেরে তিনি চিৎকার শুরু করেন।

তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। দরজার তালা খুলে মিতালির ঘরে ঢুকতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। তড়িঘড়ি তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, বাড়ির বাইরে থেকে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। প্রথমে মিতালির ছেলের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় বলে দাবি পরিবারের। এরপর মিতালির ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে তাঁর মুখে আঘাত করা হয় বলে অভিযোগ।

তবে হামলার নেপথ্যে কী কারণ রয়েছে, কিংবা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি প্রতিবেশীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.