আবারো আন্দোলনে নামলো নিয়োগ প্রার্থীরা। বর্ধিত আসনে নিয়োগের দাবি নিয়েই করুণাময়ীতে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের বিক্ষোভ আন্দোলন। বুধবার বিকাশ ভবনের কাছে টানা ৭২ ঘণ্টার জন্য ধর্না-অবস্থানে বসেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
বিকাশ ভবনের কাছে অনশনে ইতিমধ্যেই অসুস্থ বেশ কয়েক জন চাকরিপ্রার্থী। চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেরই চাকরির বয়স পেরিয়ে গিয়েছে।
বুধবার থেকে ধর্না-অবস্থান চললেও চাকরিপ্রার্থীরা অনশনে বসেন বৃহস্পতিবার সন্ধ্যায়। বিকাশ ভবনের কর্তারা তাঁদের সঙ্গে আলোচনায় না বসলে এবং সমস্যার কোনও সমাধানসূত্র না বেরোলে তাঁরা আমরণ অনশন চালাবেন। শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
এই নিয়ে আজহার শেখ নামে এক চাকরিপ্রার্থী বললেন, ”এখানে আমরা ২৫০ থেকে ৩০০ জন অবস্থান-বিক্ষোভ করছি। তার মধ্যে অনশন করছেন অনেকেই। বিকাশ ভবনের কাছে যেখানে আমরা বসে রয়েছি, সেখানে শনিবার দুপুর পর্যন্ত থাকার অনুমতি আছে। তবে, আমাদের দাবি না মিটলে এখান থেকে উঠব না। শান্তিপূর্ণ ভাবে এখানে বসে গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ চালাব। আমরণ অনশন চলবে। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করছি।”
আরও এক চাকরিপ্রার্থী বললেন, ”ন্যায্য অধিকারের দাবি জানাতে এসে মশার কামড়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেলেও আমাদের কোনও আফশোস নেই। গত দশ বছর ধরে যে ভাবে বেঁচে আছি, সেটা কি আর বেঁচে থাকা বলে?”







