ভারতের বাসিন্দা নয় জামাই এবং নাতি, তাই তাঁদের স্থায়ী ভারতীয় তকমা দেবার জন্য নির্বাচন দপ্তর নথিতে নকল বাবা সাজলেন কেতুগ্রামের বাসিন্দা কালাচাঁদ মন্ডল। এমনই অভিযোগ উঠলো কেতুগ্রাম ২ ব্লকের উদ্ধারণপুর গ্রামের মিশ্রপাড়ায়।
তবে আদতে বাবা নয় বাংলাদেশের শরিয়তপুরের বাসিন্দা দুলাল মন্ডলের শশুর এবং দুর্জয় মণ্ডলের দাদু হন কালাচাঁদ মন্ডল। কিন্তু দুলাল মন্ডল এবং দুর্জয় মন্ডলের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সমস্ত নথিতে নিজেকে বাবা হিসেবে পরিচয় দেন কালাচাঁদ মন্ডল।
তিনি অকপট স্বীকার করেছেন, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা করার জন্যই নিজের জামাই এবং নাতির পরিচয়পত্রে নিজেকে বাবা হিসেবে পরিচয় দেন তিনি।
কালাচাঁদ মন্ডলের এক ছেলে কিন্তু ভোটার তালিকায় আরো দুজন ছেলের নাম দেখে সন্দেহ হয় গ্রামবাসীর এবং সেই সন্দেহের কথা তাঁরা কেতুগ্রামের শাসকদলকে জানায়। শাসকদলকে জানাতেই বাঁধে রাজনৈতিক তরজা। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহেনওয়াজ বলেন, বিজেপি ভুয়ো লোক এনে মিথ্যে ভোট করাচ্ছে, এই ঘটনা তাঁরা জানিয়েছে প্রশাসনকে। অন্যদিকে বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্যর বক্তব্য, তৃণমূল ই ভুয়ো ভোটার এনে ভোট করায়। এখন ধরা পরে পাল্টা দোষ চাপাচ্ছে বিজেপির ওপরে। এই ঘটনার ভিত্তিতে কেতুগ্রাম ২ ব্লক প্রশাসন কোন মন্তব্য করতে না চাইলেও ঘটনার তদন্ত হবে বলে জানান।







