বিনোদন

রজনীকান্তের ‘কুলি’ ইতিহাস গড়তে চলেছে তামিল সিনেমার সবচেয়ে বড় প্রকল্প

তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত আবারও বড় পর্দায় ফিরছেন এক বিশাল বাজেটের সিনেমা নিয়ে। আসন্ন সিনেমা ‘কুলি’ ইতিমধ্যেই খবরের শিরোনাম দখল করে নিয়েছে। এটি হতে চলেছে তামিল চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বড় ও ব্যয়বহুল প্রজেক্ট। সিনেমাটি পরিচালনা করছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও প্রতিভাবান পরিচালক লোকেশ কানাগরাজ। ‘কুলি’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ৭৪ বছর বয়সী রজনীকান্তকে। একসময়ের বাস কন্ডাক্টর থেকে আজকের সর্বভারতীয় তারকাখ্যাত অভিনেতা, রজনীকান্ত তার অভিনয় জীবনে বারবার প্রমাণ করেছেন নিজের অসাধারণ দক্ষতা ও জনপ্রিয়তা।

এই সিনেমার জন্য তিনি নিচ্ছেন রেকর্ড পরিমাণ পারিশ্রমিক ১৫০ কোটি টাকা। এই পারিশ্রমিকের মাধ্যমে তিনি এখন এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার মর্যাদা অর্জন করেছেন। পরিচালক লোকেশ কানাগরাজও পেয়েছেন ৫০ কোটি টাকা। জানা গেছে, ‘কুলি’ ছবিটি মুক্তির আগেই প্রায় ঝুঁকিমুক্ত হয়ে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এরই মধ্যে আয় করেছে ১৩০ কোটি টাকা, স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে এসেছে ৯০ কোটি এবং সংগীত স্বত্ব থেকে ২০ কোটি টাকা—সব মিলিয়ে প্রি-রিলিজ আয়ে দাঁড়িয়েছে ২৪০ কোটি রুপি। এখন শুধুমাত্র প্রেক্ষাগৃহ থেকে ১৩৫ কোটি রুপি আয় করলেই সম্পূর্ণ বিনিয়োগ উঠে আসবে।

রজনীকান্ত ছাড়াও এই সিনেমায় থাকছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার আমির খানকে। একটি গানের দৃশ্যে ক্যামিও করবেন পূজা হেগড়ে, যিনি এর জন্য নিচ্ছেন ২ কোটি টাকার পারিশ্রমিক। সিনেমাটিতে আরও অভিনয় করছেন শ্রুতি হাসান, সত্যরাজ ও উপেন্দ্র রাও যারা প্রত্যেকেই ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। সম্প্রতি ‘কুলি’ সিনেমার নির্মাতারা একটি নতুন প্রোমো প্রকাশ করেছেন, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই অনলাইনে আলোচনার ঝড় তোলে। প্রোমোটিতে রজনীকান্তসহ অন্যান্য তারকাদের দুর্দান্ত লুক ও ভিজ্যুয়ালস দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। সিনেমাটির মুক্তির ১০০ দিনের কাউন্টডাউন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সবমিলিয়ে বলা যায়, ‘কুলি’ শুধু একটি সিনেমা নয়, এটি হতে চলেছে দক্ষিণী সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.