আবারও কলকাতায় পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার জোড়াবাগান থানা এলাকার ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি শতাব্দীপ্রাচীন দোতলা বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে আটকে পড়েন এক বৃদ্ধা-সহ মোট চারজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMG)। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা চারজনকেই নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে তাঁদের স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাখা হয়েছে। এলাকায় এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। একাধিকবার কলকাতা পুরসভা ও প্রাক্তন পুর প্রতিনিধির কাছে বিষয়টি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে সতর্কীকরণ বোর্ড পর্যন্ত লাগানো হয়নি বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, ভেঙে পড়া অংশের ধাক্কায় পাশের একটি বাড়ির দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের আশঙ্কা, ধ্বংসস্তূপটি যদি সামনের রাস্তার দিকে ভেঙে পড়ত, তাহলে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যেত না। এক বাসিন্দার কথায়, “কয়েকশো বছরের পুরনো বাড়ি। বারবার কর্পোরেশনকে জানিয়েছি, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”
ঘটনাস্থলে কলকাতা পৌরসভার আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। এই ঘটনায় ফের শহরের জরাজীর্ণ ও বিপজ্জনক বাড়িগুলির নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।







