সাধারণ মানুষের রক্ত-ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় দুর্নীতির অভিযোগে তোলপাড় নদিয়ার ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত। গ্রেফতার হলেন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্ত, যিনি আবার তৃণমূলের বুথ সভাপতি বলেও পরিচিত। অভিযোগ, দীর্ঘ সাত বছর ধরে ট্যাক্স আদায়ের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এসেছেন তিনি।
বর্তমানে বিজেপি পরিচালিত ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা একজোট হয়ে পর্দাফাঁস করেন প্রতীক গুপ্তের দুর্নীতির। অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স বাবদ যেমন ৬,৫২০ টাকা আদায় করেছেন, অথচ সরকারি খাতায় জমা পড়েছে মাত্র ৫১৫ টাকা!
এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই টাউনশিপ পঞ্চায়েতের সদস্যরা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি শান্তিপুর বিডিওর কাছেও অভিযোগ জানানো হয়েছে।
ঘটনার জেরে ফুলিয়া জুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু। একদিকে বিজেপি নেতৃত্ব তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে, অন্যদিকে তৃণমূলের জেলা নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন—”অন্যায় করলে শাস্তি হবেই, দল কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।”
এই ঘটনার প্রতিবাদে পঞ্চায়েত প্রধান ও সদস্যরা শান্তিপুর ব্লক অফিস ঘেরাও করে ধর্নায় বসেন। তাদের দাবি, প্রতীক গুপ্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর সাধারণ মানুষের টাকায় হাত দেওয়ার সাহস না পায়।
পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে প্রতীক গুপ্তকে। এখন দেখার, প্রশাসনিক স্তরে কতদূর গড়ায় এই চাঞ্চল্যকর দুর্নীতির তদন্ত।







