শনিবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাটি ঘটে আজাপুরের মুসন্ডা এলাকায়, যেখানে একটি চলন্ত অ্যাম্বুল্যান্স সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
জানা গিয়েছে, দুর্গাপুর থেকে এক রোগীকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করে ফিরছিলেন তিনজন—অ্যাম্বুল্যান্সচালক ও দুই সঙ্গী। মৃতদের মধ্যে রয়েছেন চালক বিধান রুইদাস (৩৫), উত্তর ২৪ পরগনার গৌতম দাস (৫৫) এবং দুর্গাপুরের বিশ্বজিৎ চৌধুরী (৫২)। প্রাথমিক অনুমান, গৌতম ও বিশ্বজিৎ ছিলেন রোগীর আত্মীয়।
স্থানীয় সূত্রে খবর, অ্যাম্বুল্যান্সটি অতিরিক্ত গতিতে চলছিল এবং বৃষ্টির জেরে রাস্তাও ছিল ভেজা। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে, অ্যাম্বুল্যান্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রচণ্ড আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারা আহতদের উদ্ধার করে দুর্গাপুর ও বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠান। তবে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় লরিচালক। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং লরির খোঁজ চালানো হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্সটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে রাস্তার গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে।







