নিজস্ব প্রতিবেদন: পুজোর ঢাকে কাঠি পড়েনি এখনো। কিন্তু রাজনৈতিক যুদ্ধের ঢাক বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে ৭৬ হাজার প্রবীণ নাগরিকের কাছে এবার পৌঁছবে একটি বিশেষ চিঠি। প্রেরক—খোদ তৃণমূল সাংসদ নিজে।
কিন্তু কেন এই চিঠি? কী থাকবে তার মধ্যে?
বুধবারের সভা থেকে বিজেপিকে একের পর এক তীব্র আক্রমণে বিদ্ধ করলেন অভিষেক। বললেন, “আমি মানুষের পাশে দাঁড়িয়েছি বলেই ইনকাম ট্যাক্স চিঠি পাঠিয়েছে আমাকে। গরিব প্রবীণদের হাতে অর্থ তুলে দিয়েছিলাম বলেই কেন্দ্র আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটা কি আমার অপরাধ?”
তিনি আরও জানান, কেন্দ্রীয় এজেন্সির চিঠি পেয়ে চুপ করে না থেকে তিনি এবার ৭৬ হাজার প্রবীণের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেবেন।
তাঁর প্রতিশ্রুতি—২০২৫ সালের দুর্গাপুজোর মধ্যেই সেই চিঠি পৌঁছে যাবে সব বাড়িতে।
চিঠিতে কী থাকবে?
তৃণমূল সাংসদের কথায়,
“চিঠিতে লেখা থাকবে বিজেপি কীভাবে বাংলার মানুষের টাকা ছিনিয়ে গুজরাট-উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে। আপনি ঠিক করুন, আপনি কার পাশে আছেন—আপনার টাকা ফিরিয়ে দিচ্ছে যে দল, না যে দল টাকা কেড়ে নিচ্ছে।”
তিনি দাবি করেন, এই চিঠি পড়লেই প্রবীণ নাগরিকরা বুঝবেন, বিজেপি বাংলার পক্ষে কতটা ক্ষতিকর।
চিঠিকে হাতিয়ার করে অভিষেকের এই কৌশল নিঃসন্দেহে আগামী নির্বাচনের আগে বিজেপিকে চাপে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
রাজনৈতিক বারুদের গন্ধে মোড়া পুজোর আগের এই চিঠি কী সত্যিই ভোটের ময়দান বদলে দিতে পারে? নজর এখন ডায়মন্ড হারবারে।







