কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা অতীন ঘোষ এবং তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষের বিরুদ্ধে জমি দখল ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগকারী কলকাতার একটি হোটেল ব্যবসায়ী, যিনি ‘দ্য শোভরাণী’ হোটেলের মালিক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রগতি ময়দান থানা এলাকায় অবস্থিত একটি মূল্যবান জমি ও বাড়িকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথমে প্রগতি ময়দান থানায় অভিযোগ জমা পড়লেও পরবর্তীতে বিষয়টি বিধাননগর উত্তর থানায় ফরওয়ার্ড করা হয়েছে তদন্তের স্বার্থে।
অভিযোগকারীর দাবি, ২০১৭ সালে তাঁর প্রায় ৪ কোটি টাকা মূল্যের বাড়ি ও জমি জোরপূর্বক কম দামে দখল করে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, অতীন ঘোষ এবং তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ প্রভাব খাটিয়ে ও ভয় দেখিয়ে সম্পত্তির দখল নেন। বিনিময়ে ২৫ লক্ষ টাকা করে দুটি চেক দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তবে সেই অর্থ তিনি ফেরত দিয়েছিলেন বলেও দাবি করেছেন অভিযোগকারী।
শুধু তাই নয়, পরে আরও ৫০ লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে পাঠানো হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, সেই অর্থ গ্রহণে অনিচ্ছা প্রকাশের পর তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হয়েছিল। গোটা ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও তুলেছেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন অতীন ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার তাঁর বিরুদ্ধে জমি প্রতারণা ও জবরদখলের অভিযোগ নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে।
যদিও অভিযোগের বিষয়ে অতীন ঘোষ বা তাঁর মেয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।







