ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে গিয়েও যখন জাতীয় দলে অবহেলার শিকার, তখন অনেকেই ভেঙে পড়েন। কিন্তু সরফরাজ় খান ভাঙেননি, বরং নিজেকে বদলে তুলে ধরেছেন নতুন রূপে। শুধু ব্যাটে নয়, এবার ফিটনেসেও নিজের যোগ্যতা প্রমাণ করতে মরিয়া মুম্বইয়ের এই ‘অবাধ্য’ প্রতিভা। গত দু’মাসে ১৭ কেজি ওজন ঝরিয়ে এখন যেন আলাদা এক চেহারা—ছিপছিপে, ফিট, লড়াইয়ের প্রস্তুতিতে তুঙ্গে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে দলে থেকেও ম্যাচ পাননি সরফরাজ়। চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতেও নাম নেই স্কোয়াডে। ক্রিকেটীয় দক্ষতায় কোনও ঘাটতি না থাকলেও বারবার কাঠগড়ায় উঠেছে তাঁর ফিটনেস। জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার অন্যতম কারণও সেটাই বলে মনে করছেন অনেকে। অথচ লাল বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের নিরিখে দেশের অন্যতম সেরা ব্যাটার তিনি।
এই পরিস্থিতিতেই নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন সরফরাজ়। কঠোর ফিটনেস ট্রেনিং, জিম, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস—সব কিছু মিলিয়ে গড়ে তুলেছেন নতুন শরীর। সমাজমাধ্যমে তাঁর নতুন ছবি ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, “এটাই কি সেই সরফরাজ়?” এক ঝলকে চেনা দায়!
ইংল্যান্ড সফরে সাই সুদর্শন বা করুণ নায়ারের মতো ব্যাটাররা ব্যর্থ। ঠিক সেই সময়েই সরফরাজ়ের এই বদলে যাওয়া আলোচনা বাড়িয়ে দিয়েছে। এই নতুন অবতারে ২৭ বছরের সরফরাজ় যেন একটাই বার্তা দিচ্ছেন নির্বাচকদের—আর পিছিয়ে পড়া নয়, এবার প্রমাণের পালা মাঠে।







