“সিবিআই-কে টাকা খাইয়েছে রাজ্য সরকার, কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছে” , এমনই চাঞ্চল্যকর দাবী শোনা যায় আর জি কর কাণ্ডে নির্যাতিতার বাবার মুখে । এবার তার প্রেক্ষিতে বিস্ফোরক কুণাল ঘোষ । তিনি নির্যাতিতার বাবার বিরুদ্ধে , মিথ্যাচারের অভিযোগ তুলে সরব হলেন ।
নিজের সমাজ মাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন , “মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন তথ্যে?” কুণাল ঘোষের কথায় , তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটি মামলা চলছে। তিনি যেখানে এসব আইনি লড়াইয়ের মধ্যে জড়িয়ে , সেখানে ‘সেটেলমেন্ট’ কীভাবে হবে ! কুণাল ঘোষ প্রশ্নও তোলেন, এই সেটেলমেন্ট সিবিআই-ও বা কেন মানবে !
তৃণমূল নেতা আরো লেখেন , “সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার।”
প্রসঙ্গত , পূর্বেও সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার পরিবারের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। নির্যাতিতার বাবা-মা আদালতেও এই অসন্তোষের কথা উল্লেখ করেছেন। এবার তাদের অভিযোগ টাকার লেনদেনে রাজ্য সরকার এবং সিবিআই-এর মধ্যে সমঝোতা হয়েছে। এবং কুণাল ঘোষ সেখানে মধ্যস্থতা করেছেন।







