কলকাতা

“ইউজি বোর্ডের চেয়ারম্যান হয়েও বঞ্চিত? বিস্ফোরক অভিযোগে সিইউ ভিসি”

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে এবার দেখা গেল বাছাই প্রক্রিয়ার বাইরে। অথচ তাঁর যোগ্যতা ও দীর্ঘ অভিজ্ঞতা সত্ত্বেও কেন ইন্টারভিউ বোর্ড পর্যন্ত ডাকা হল না, তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন।

বিতর্কের সূত্রপাত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে। ২৮ অগস্ট, সংগঠনের জন্মদিনেই নির্ধারিত ছিল স্নাতকস্তরের পরীক্ষা। তা পিছনোর অনুরোধ জানিয়েছিল ছাত্র পরিষদ ও শিক্ষা দফতর। কিন্তু সিন্ডিকেট বৈঠকে শান্তা দত্ত স্পষ্ট জানান, ইতিমধ্যেই প্রায় তিরিশ হাজার পরীক্ষার্থী মানসিকভাবে প্রস্তুত। তাই তারিখ বদল সম্ভব নয়। এই অবস্থানকেই নাকি “শিরদাঁড়া সোজা রাখা” বলে মনে করছেন তিনি, আর এর ফলেই ভিসি বাছাইয়ে ডাক পাননি বলেই ইঙ্গিত দিয়েছেন।

শান্তা দত্তের বক্তব্য, “আমি তো এখনও উপাচার্য। অথচ আমার বাদে বাকি ৩৩ জনকে ডাকা হয়েছে। আমি একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমাকে সুযোগই দেওয়া হল না। এটা ষড়যন্ত্র ছাড়া আর কী?”

নিজের কৃতিত্বের প্রসঙ্গও টেনে আনেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছ’টি পদক, সেরা স্নাতক হওয়ার স্বীকৃতি, ইউনিভার্সিটি গোল্ড মেডেল— সবই তাঁর ঝুলিতে। পাশাপাশি দুই বছর HOD, তিন বার ডিন, বিশ বছর UG বোর্ডের চেয়ারম্যান, তিনটি পিজি বোর্ডের দায়িত্ব, আট বছর ICC বোর্ডে প্রিসাইডিং অফিসার থাকার অভিজ্ঞতা তাঁর। তবুও ইন্টারভিউ ডাকার মতো যোগ্যতা নেই— এমন ব্যাখ্যা মেনে নিতে নারাজ শান্তা।

তাঁর অভিযোগ, “আমি প্রথম দিন থেকেই অপছন্দের মানুষ। কারণ সরকারি চাপে সিদ্ধান্ত বদলাইনি। তাই এই প্রতিশোধমূলক আচরণ। বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির আখড়া বানাতে চেয়েছিল সবাই। আমি সেটা আটকেছি। তাই আমার বিরুদ্ধে এত রাগ।”

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, রাজ্যে কোনও বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য থাকবেন না, স্থায়ী নিয়োগই হবে। সেই সূত্র ধরেই চলছে বাছাই প্রক্রিয়া। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের বাদ পড়া ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে— কেবলমাত্র সরকারি নির্দেশ না মানার কারণেই কি এমন হল?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.