শিক্ষক নিয়োগ দুর্নীতির রায়ের ক্ষেত্রে , অন্যতম নাম প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় । অযোগ্যদের তালিকা ঘোষণার পরেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে যে এটি সম্পূর্ণ তালিকা নয় । অযোগ্যদের তালিকায় , কমপক্ষে ৫০০০ – ৬০০০ জনের নাম থাকা উচিৎ । কিন্তু এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। দাগীদের তালিকায় নাম রয়েছে খোদ প্রাক্তন বিচারপতির ঘনিষ্ঠের নামই ।
নির্বাচনী এজেন্ট দীপক দেবশর্মার স্ত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় । পটাশপুরের নেকুরসিনি বিবেকানন্দ বিদ্যাভবনের ইতিহাস বিষয়ের শিক্ষিকা তিনি । অযোগ্যদের তালিকায় রয়েছে তার নাম । স্কুল কর্তৃপক্ষের তরফেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে । এই শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়ই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠ দীপক দেবশর্মার স্ত্রী ।
প্রাক্তন বিচারপতি বর্তমানে দিল্লিতে । তাই নিজের ঘনিষ্ঠের নাম , অযোগ্যদের তালিকায় দেখে , কতটা বিড়ম্বনায় রয়েছেন , তা জানা যায়নি । তবে নিজের স্ত্রীর চাকরি চলে যাওয়ায় অনেকটাই হতবাক দীপক দেবশর্মা । তিনি জানিয়েছেন , “মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক দেবে। স্ত্রী যাতে কোনও অঘটন না ঘটায়, তাই সর্বদা পাশে রয়েছি।”
প্রসঙ্গত, দীপক দেবশর্মাও একসময়ে সক্রিয় বিজেপি কর্মী ছিলেন । বর্তমানে সেরকম ভাবে যোগ নেই রাজনীতির সঙ্গে । তার কথায় , মেয়ের পড়াশোনার অজুহাতে দলীয় পদ ছেড়েছিলেন । উল্লেখ্য , দলের দাবী , তৃণমূল আমলে নিয়োগ হয়েছিল দীপক দেবশর্মার। তিনি নির্বাচনী কমিটির দায়িত্বপ্রাপ্ত হলেও সেসময় , অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন না ।







