কলকাতার ফুটবল অঙ্গনে চাঞ্চল্য। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকরা শুরু করেছে টাকা তোলার খেল। একাধিক পরিচিতজনকে তাঁর নাম ভাঁড়িয়ে পাঠানো হচ্ছে বার্তা, যেখানে চাওয়া হচ্ছে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। অনেকে ইতিমধ্যেই সেই ফাঁদে পড়ে অর্থও পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সমর্থক মহল থেকে শুরু করে প্রশাসনিক স্তরে।
শুক্রবার সকালেই এই প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসে। হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ থেকে ধারাবাহিক বার্তা যায় সৃঞ্জয় বোসের পরিচিতদের কাছে। আর্থিক টানাপোড়েনের ভান করে টাকার আবেদন জানানো হয়। এমন অস্বাভাবিক বার্তায় সন্দেহ জাগলেও অনেকে ভেবেছেন সচিবের সত্যিই জরুরি প্রয়োজন পড়েছে, তাই তাঁরা টাকা পাঠিয়ে দেন। পরে বিষয়টি সামনে আসতেই হতবাক হয়েছেন সকলে।
ঘটনায় আর কারও ক্ষতি না হোক, তার জন্য নিজেই ফেসবুকে সতর্কবার্তা দেন সৃঞ্জয় বোস। তিনি স্পষ্ট করে লেখেন, তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনও বার্তায় যেন কেউ সাড়া না দেন। সচিবের এই বার্তা ভাইরাল হতেই বহুজন সতর্ক হন এবং প্রতারকদের মেসেজ উপেক্ষা করতে শুরু করেন।
এদিকে বালিগঞ্জ থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করেছে, যদিও এখনও সমাধানের পথ মেলেনি। এই ঘটনা আবারও প্রমাণ করল, প্রযুক্তি নির্ভর যুগে সাইবার প্রতারণার ঝুঁকি কতটা ভয়ঙ্কর হতে পারে এবং সচেতনতার অভাবে মুহূর্তেই কেড়ে নিতে পারে লাখ লাখ টাকা।







