রাজ্যে টানা গুলি চলার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার একটি জিমে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই, এদিন কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন শাসক দলের এক জনপ্রতিনিধি।
সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার পুজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ আমিরুল ইসলামকে রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি ইন্ডিগোর একটি মুম্বইগামী বিমানে ওঠার আগে নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়েন। ব্যাগ স্ক্যানের সময় ধাতব বস্তু নজরে আসতেই CISF জওয়ানরা তাঁকে আটক করেন।
পরে তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় ৭.৬৫ মিমি ক্যালিবারের ৬ রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগাজিন। বৈধ নথি চেয়ে চাইলে তিনি কোনও অনুমতিপত্র দেখাতে পারেননি বলেই বিমানবন্দর সূত্রে খবর। এরপরই তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে— কেন এক জনপ্রতিনিধির ব্যাগে এভাবে আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম থাকবে? এর সঙ্গে কোনও বড়সড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্যে গুলি চলার একের পর এক ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষের মধ্যে শাসকদলের নেতাকে কেন্দ্র করে নতুন বিতর্ক জোরদার হয়েছে।







