কলকাতা

ব্যস্ত সময়ে মেট্রোয় যান্ত্রিক গোলযোগ, ব্লু লাইনে বাড়ল অপেক্ষা! ভোগান্তিতে নিত্যযাত্রীরা

সকাল সকাল মেট্রোয় চড়ে অফিস যাওয়ার পরিকল্পনা থাকলে মঙ্গলবার বেশ কিছুটা বাড়তি সময় হাতে নিয়ে বেরোতে হয়েছে যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির জেরে ব্যাহত হল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন—দুই দিকেই মেট্রো চলাচলে দেরির অভিযোগ ওঠে। এর জেরে ব্যস্ত সময়ে বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের।

যাত্রীদের দাবি, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত প্ল্যাটফর্মে মেট্রোর দেখা মেলেনি। অপেক্ষার সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম এবং ট্রেন—দুই জায়গাতেই ভিড় বাড়তে থাকে। বরাহনগর স্টেশনেও একই পরিস্থিতির ছবি দেখা যায়। এক যাত্রীর দাবি, সকাল ১০টা ১৫ মিনিট থেকে তিনি স্টেশনে অপেক্ষা করছিলেন। ১০টা ২২ মিনিটে পার্ক স্ট্রিটগামী মেট্রো আসার কথা থাকলেও সেটি প্রায় ১৪ মিনিট দেরিতে স্টেশনে ঢোকে। ফলে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

মেট্রো কর্তৃপক্ষের তরফে অবশ্য যান্ত্রিক সমস্যার বিষয়টি স্টেশনগুলিতে ঘোষণা করে যাত্রীদের জানানো হয়। অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে।

কলকাতা মেট্রোর বিবৃতি অনুযায়ী, রুটিন নজরদারি ও রক্ষণাবেক্ষণের সময় নোয়াপাড়া ও বরাহনগরের মধ্যবর্তী অংশে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি ধরা পড়ে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে সকাল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পরিষেবা নিয়ন্ত্রিত করা হয়। ওই সময়ে গিরীশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হয়েছিল।

কর্তৃপক্ষের দাবি, সকাল সাড়ে ৬টার পর পুরো ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। যদিও যাত্রীদের অভিযোগ, বাস্তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লেগেছে। ব্যস্ত সময়ে এই সমস্যার কারণে অফিসযাত্রীদের একাংশকে যথেষ্ট ভোগান্তির মুখে পড়তে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.