বিহার ক্রিকেটে তৈরি হলো এক নতুন ইতিহাস। মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে রঞ্জি ট্রফির প্লেট লিগে বিহার দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণার সঙ্গেই বৈভব এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অধিনায়ক হিসেবে নজির গড়লেন। আগামী দুটি ম্যাচে তিনি এই গুরুদায়িত্ব সামলাবেন। রবিবার গভীর রাতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দল ঘোষণার সময় এই চমকপ্রদ খবরটি আসে। দলের অধিনায়ক হিসেবে সাকিবুল গণির নাম ঘোষণা করা হয়েছে।
আগামী বুধবার থেকে পাটনার মঈন-উল-হক স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্লেট লিগে অভিযান শুরু করছে বিহার। গত মরশুমে একটিও জয় না পাওয়ায় দলটির অবনমন হয়েছিল। এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব পদে এক ‘বিস্ময় প্রতিভাকে’ আনা এক সাহসী পদক্ষেপ। বৈভব এখনও পর্যন্ত বিহারের হয়ে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এবং তাঁর ঝুলিতে রয়েছে মাত্র ১০০ রান। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্স তাকে এই সম্মান এনে দিয়েছে। বিশেষত, অস্ট্রেলিয়ার মাটিতে ছোটদের টেস্টে তাঁর ঝোড়ো সেঞ্চুরি ব্যাপক নজর কেড়েছিল। অনেকেই মনে করছেন, ঘরোয়া মরশুমে সাদা বলের পাশাপাশি লাল বলেও বৈভবের ব্যাটে রানের বন্যা দেখা যাবে। এই তরুণ তারকার এই দায়িত্বপ্রাপ্তি তার প্রতি নির্বাচকদের গভীর আস্থারই প্রতিফলন।







