উত্তর ২৪ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে ফের ভোটার লিস্ট নিয়ে চাঞ্চল্য। তৎকালীন হাসনাবাদ বিধানসভার ৯৬/৫১ নম্বর বুথে ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল মোট ৮৯৬ জন ভোটারের। কিন্তু নির্বাচন কমিশনের নবনির্মিত ২০০২ সালের ভোটার তালিকায় দেখা যাচ্ছে, বর্তমান সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৪৮। অর্থাৎ, এক ঝটকায় উধাও ৪৮ জন ভোটারের নাম।
এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। বাদ পড়া ভোটারদের অভিযোগ, নাম কাটার কোনও নোটিশ বা কারণ জানানো হয়নি। একের পর এক নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই প্রশ্ন তুলছেন—ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে?
স্থানীয়দের দাবি, নির্বাচন কমিশন অবিলম্বে এই ভুল সংশোধন করুক এবং বাদ পড়া নামগুলো পুনরায় অন্তর্ভুক্ত করা হোক। না হলে, যখন SIR (Special Intensive Revision) শুরু হচ্ছে, তখন এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক আরও বাড়ছে বসিরহাট জুড়ে।
প্রশাসনিক স্তরে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি, তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।






