৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে SIR , শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিতরণও । কিন্তু তার পরদিনই পূর্ব বর্ধমানে রহস্যজনক কান্ড । পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি জলাশয় থেকে , প্রায় কয়েকশো আধার কার্ড উদ্ধার করা হয়েছে । জল্পনা , রাতের অন্ধকারে , আধার কার্ড সহ আরও কিছু নথি , বস্তায় ভরে জলাশয় ফেলে দিয়ে গেছে । যা নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে উঠেছে রাজনৈতিক বিতর্ক ।
SIR শুরু হতেই , ভয় ভুয়ো আধার কার্ড গুলি ফেলে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির । অপরদিকে শাসকদলের দাবী , এই আধার কার্ড গুলি সবই নকল , তাই ফেলে দেওয়া হয়েছে । উল্লেখ্য , পুলিশ ঘটনাস্থলে গিয়ে , পুরো বিষয়টিই খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন মহকুমা শাসক ।
বুধবার সকালে পূর্বস্থলীর ওই জলাশয়ে আধার কার্ডগুলি ভেসে থাকতে দেখা যায় । এলাকার মানুষজনরাই সবার প্রথম এই দৃশ্য প্রত্যক্ষ করেন । তদন্তে নেমে তিনটি বস্তা দেখতে পাওয়া যায়। তারপর খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলে ভেসে থাকা আধার কার্ড ও একটি বস্তা উদ্ধার করে। জলের নিচে থাকা আরও দুটি বস্তা ভর্তি উদ্ধারের কাজ চলছে । পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকিং করেও জানানো হচ্ছে, কেউ এই ধরনের কোনো আধার কার্ড পেলে, তা থানায় জমা দেওয়ার জন্য।
এই ঘটনায় বেড়েছে রাজনৈতিক উত্তাপও। স্থানীয় বিজেপি নেতা পরিমল মিস্ত্রি জানিয়েছেন, “হয়তো এগুলো ভুয়ো আধার কার্ড। কী জন্য বস্তাভর্তি আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে, তা তদন্তে করে দেখা দরকার। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।”
তবে, পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের কথায়, “আমার মনে হচ্ছে এগুলো ডুপ্লিকেট কার্ড। তাই ফেলে দিয়েছে। তবে এসআইআরের আতঙ্কে এখানে এই আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে কি না, বলতে পারব না।”







