আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম ঘিরে চাঞ্চল্য ছড়াল। ছাত্র সংগঠন এবিভিপির অভিযোগ, দীর্ঘদিন বন্ধ থাকা ইউনিয়ন রুমের তালা খুলতেই ভিতর থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, কনডম, মাদক সেবনের সিরিঞ্জ এবং তাস। পাশাপাশি সেখানে পাওয়া গিয়েছে ছাত্রদের উপস্থিতি রেজিস্টারও।
জানা গিয়েছে, গত ৪ মে ছাত্রভোটের ফল প্রকাশের পরদিন ইউনিয়ন রুমে নিজেদের পতাকা লাগিয়েছিল এবিভিপি। এরপর থেকে ঘরটি বন্ধ ছিল বলে দাবি তাদের। সোমবার রুমে পতাকা না দেখে উপাচার্যের কাছে চাবি চাইলেও তা না পেয়ে ছাত্ররা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তখনই সামনে আসে এই চিত্র।
ঘটনার পর এবিভিপি নেতৃত্বের দাবি, কারা এবং কোন ছাত্রনেতারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তা দ্রুত তদন্ত করে বের করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকেও একাধিক বিতর্কিত সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অভিযোগ নতুন করে শিক্ষাঙ্গনের পরিবেশ ও ছাত্ররাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছে।







