রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় শিক্ষানীতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের একটি টাস্ক ফোর্স। রাজ্যের সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন শিক্ষানীতির পরিকল্পনা এবং বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে কি না, মূলত সেটিই নজরে রাখবে এই বিশেষ কমিটি।
এই টাস্ক ফোর্সের অ্যাডভাইজার হিসেবে থাকছেন ইউজিসি-র চেয়ারম্যান এম জগদীশ কুমার। কমিটিতে জায়গা পেয়েছেন শিক্ষাবিদ অনিল সহশ্র বুদ্ধেকেও। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার বাস্তব পরিস্থিতি ও প্রয়োজন যাতে গুরুত্ব পায়, সে জন্য রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও যুক্ত করা হয়েছে।
কমিটিতে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ এবং ম্যাকাউটের উপাচার্য তাপস চক্রবর্তী। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, পড়াশোনা শেষ করে পড়ুয়াদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার সামঞ্জস্য রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সেই কারণে শিল্পমহলের প্রতিনিধিদেরও টাস্ক ফোর্সে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন শিল্পপতি সজ্জন ভজনকা।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একাধিক প্রবীণ আধিকারিকও এই কমিটির সঙ্গে যুক্ত থাকবেন। ফলে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
কী বদল এনেছে জাতীয় শিক্ষানীতি?
১৯৮৬ সালের পুরনো শিক্ষানীতির পরিবর্তে জাতীয় শিক্ষানীতিতে পড়াশোনার কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত ১০+২ ব্যবস্থার বদলে এসেছে ৫+৩+৩+৪ কাঠামো।
৩ থেকে ৮ বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের জন্য রয়েছে ভিত্তি পর্যায়—প্রাক্-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি। ৮ থেকে ১১ বছর বয়সে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি ভাষা ও গণিতের ভিত মজবুত করার উপর জোর দেওয়া হয়। ১১ থেকে ১৪ বছর বয়সে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে বিজ্ঞান, কলা ও কারিগরি শিক্ষার সঙ্গে পরিচয় করানো হয়।
সবশেষে ১৪ থেকে ১৮ বছর বয়সে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিষয় নির্বাচনে আরও স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ পুরনো ধারার নির্দিষ্ট বিভাজনের বদলে পড়ুয়ার আগ্রহ, দক্ষতা এবং ভবিষ্যতের কর্মজগতের প্রয়োজনকে গুরুত্ব দেওয়াই নতুন শিক্ষানীতির অন্যতম লক্ষ্য।
এবার রাজ্যে গঠিত উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স সেই নীতিকে দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে কতটা ভূমিকা নেয়, সেদিকেই নজর থাকবে শিক্ষা মহলের।







