গভীর রাতে পরপর গুলির শব্দে চাঞ্চল্য ছড়াল সন্দেশখালিতে। ন্যাজাট থানার খাঁস শাকদহ এলাকায় শুক্রবার রাতে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুম্মান শেখ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গুলি চলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে হামলার নেপথ্যে আসল কারণ কী, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। এলাকা দখল এবং টাকা ভাগাভাগিকে কেন্দ্র করেই সেই বিবাদ বলে অভিযোগ। শুক্রবার রাতে সেই সংঘাতই গুলির লড়াইয়ে পরিণত হয় বলে স্থানীয়দের একাংশের দাবি।
অন্যদিকে, সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, জুম্মান শেখ বিজেপির সংখ্যালঘু মোর্চার সক্রিয় নেতা। তাঁকে খুনের উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে এবং এর পিছনে শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ বিজেপির।
স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি রবিন দাসের দাবি, জুম্মান তাঁদের দলের নেতা এবং তাঁকে পরিকল্পিতভাবে খুনের চেষ্টা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
যদিও এই দাবি মানতে নারাজ সন্দেশখালির বিধায়ক সনদ সরদার। তাঁর বক্তব্য, জুম্মান শেখ নামে কোনও বিজেপি কর্মীর কথা তাঁদের জানা নেই। ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ আবার জুম্মানকে এলাকার ‘কুখ্যাত দুষ্কৃতী’ বলে দাবি করেছেন। মাছের ভেড়ি দখল, ডাকাতি-সহ একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে বলেও দাবি তাঁদের।
ফলে একই ঘটনাকে ঘিরে উঠে এসেছে একাধিক দাবি। এটি কি রাজনৈতিক প্রতিহিংসা, এলাকা দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের সংঘাত, নাকি টাকা ভাগাভাগির বিবাদ—সত্যিটা কী, তা এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে।







