রাজ্য

২৫২ মাদ্রাসায় বন্ধের নির্দেশ, কেন? শমীকের মন্তব্যে নতুন করে রাজনৈতিক তরজা

পশ্চিমবঙ্গে মাদ্রাসা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, সরকারের প্রয়োজন মনে হয়েছে বলেই এই পদক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে অনুমোদনহীন মাদ্রাসাগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শমীকের বক্তব্য, রাজ্যের বেশ কিছু খারিজি মাদ্রাসায় দেশবিরোধী শিক্ষা চলার অভিযোগ রয়েছে। তাঁর দাবি, অতীতে বিষয়টি নিয়ে আলোচনা হলেও রাজনৈতিক কারণে প্রয়োজনীয় পদক্ষেপ হয়নি। সীমান্তবর্তী এলাকার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে পুরনো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জানা গিয়েছে, রাজ্যে মাদ্রাসাগুলিকে নিয়ে একটি সমীক্ষা চলছে। সেই সমীক্ষার পরেই পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যে ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি। এগুলির সরকারি অনুমোদন নেই বলেই সূত্রের খবর। পাশাপাশি আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং কয়েকটিকে শোকজ করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

রাজ্যে সরকারি স্বীকৃত মাদ্রাসা শিক্ষার পাশাপাশি রয়েছে খারিজি মাদ্রাসা। অনুমোদনহীন এই প্রতিষ্ঠানগুলিতে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই স্থানীয় মানুষের আর্থিক সহযোগিতায় এগুলি পরিচালিত হয়।

মাদ্রাসা নিয়ে বিজেপির বক্তব্য, নিয়ম মেনে সরকারি অনুমোদন নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আপত্তি নেই। কিন্তু অনুমোদন ছাড়া যেখানে-সেখানে প্রতিষ্ঠান চালানোর সুযোগ দেওয়া উচিত নয়।

তবে এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের একাংশের বক্তব্য, কোনও প্রতিষ্ঠানকে বন্ধ করার আগে অভিযোগের সত্যতা এবং আইনি প্রক্রিয়া স্পষ্ট হওয়া প্রয়োজন। ফলে ২৫২টি মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপের কারণ এবং পরবর্তী সরকারি সিদ্ধান্ত এখন রাজনৈতিক মহলের নজরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.