২০২২ সালের ৪ মার্চ। সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরেছিল ৯ বছরের এক নাবালিকা। বাবা-মা তখন বাজারে যাওয়ায় বাড়ির সামনে একাই অপেক্ষা করছিল সে। অভিযোগ, সেই সময় প্রতিবেশী শেখ সাকির তাকে বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে সাইকেলে তুলে নেয়।
প্রতিবেশী কাকার কথায় বিশ্বাস করে সাইকেলে ওঠে শিশুটি। অভিযোগ, এরপর তাকে একটি নির্জন রাস্তার পাশে পানবরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় সে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে বাড়িতে বিষয়টি জানাজানি হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর নাবালিকার বাবা সুন্দরবন পুলিশ জেলার সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পান সাগর থানার সাব-ইন্সপেক্টর অভিজিৎ ব্যানার্জি। পুলিশ সূত্রে জানা যায়, তদন্তে ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখে অভিযুক্ত শেখ সাকিরকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তদন্ত সম্পূর্ণ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করেছে আদালত। নাবালিকার উপর যৌন নির্যাতনের অপরাধে অভিযুক্ত শেখ সাকিরকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।
রায় ঘোষণার পর সুন্দরবন পুলিশ জেলার তরফে তদন্তকারী অফিসার এবং তদন্তের সঙ্গে যুক্ত পুলিশকর্মীদের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। অপরাধের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় দ্রুত পদক্ষেপের এই ঘটনায় ফের সামনে এল নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব।







